লাইসেন্সবিহীন চালকদের ধরার নির্দেশ দিয়েছে ‘প্রধানমন্ত্রীর কার্যালয়’ !!

লাইসেন্সবিহীন চালকদের ধরার নির্দেশ- রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনাটি দুঃখজনক, আমরা মর্মাহত বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রধানমন্ত্রীও দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন। তাই এ বিষয়ে তিনি খুবই কঠোর।


এদিকে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং রাজধানীর অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালকদের ধরার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বলা হয়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানের সভাপতিত্বে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ ও বিআরটিসিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।
এতে ঢাকা শহরের বর্তমান গণপরিবহনে অপ্রাপ্তবয়স্ক ও ড্রাইভিং লাইসেন্সবিহীন অবৈধ গাড়ি চালকদের বিরুদ্ধে এবং বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএ ও ডিএমপিকে নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, রবিবার বিমানবন্দর সড়কে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষির পর একটি বাসের চাপায় নিহত হন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আবদুল করিম রাজিব। এছাড়া আরও অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন। এরপর থেকে টানা ৩ দিন সড়কে বিক্ষোভ চালিয়ে আসছেন ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর মধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয় রাজধানীর অপ্রাপ্তবয়স্ক ও অবৈধ চালকদের ধরার নির্দেশ দিল।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার বাসচাপায় নিহত দিয়া খানম মিমের বাসায় গিয়েছিলেন তার পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাতে। সেখান থেকে ফিরে নিজ দফতরে তিনি সাংবাদিকদের বলেন, গতি নিয়ন্ত্রণ করতে না পারা বা পাল্লাপাল্লি করা, যে কারণেই এ দুর্ঘটনা ঘটুক তা খুঁজে বের করা হবে। এ নৈরাজ্যের প্রতিকার হওয়া উচিত।
এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, মিমের বাবা জাহাঙ্গীর আলম যে এলাকায় থাকেন এটি আমার নির্বাচনী এলাকা। তাই সেখানে গিয়েছিলাম। প্রধানমন্ত্রীও আমাকে যেতে বলেছিলেন। ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে গাড়ি জব্দ এবং চালক-হেলপারদের গ্রেফতার করা হয়েছে।
রাস্তায় ছাত্রদের বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, এটি তারা করতেই পারে। কারণ, তারা তাদের সহপাঠীকে হারিয়েছে, বন্ধুকে হারিয়েছে। তাদের আবেগ আছে, তাই তারা বিক্ষোভ করছে। আমি ছাত্রদের এ বিক্ষোভ সমর্থন করি। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যেন ত্বরিতগতিতে এ দুর্ঘটনার বিচার হয়। তাই ছাত্রদের অনুরোধ করব যেন তারা বাসায় ফিরে যায়।

No comments

Powered by Blogger.